দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১ মে) বিকেলে উপজেলার দৈখাওয়া হাটে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
হামলার শিকার সাংবাদিকরা হলেন দৈনিক মানবকণ্ঠের লালমনিরহাট প্রতিনিধি আসাদুজ্জামান সাজু এবং আনন্দ টিভির প্রতিনিধি আব্দুর রহিম।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাদের মারধর করার পাশাপাশি ব্যবহৃত মোবাইল ফোনও ছিনিয়ে নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, হাটে অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি নিয়ে ভিডিও ধারণ করতে গেলে গোতামারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর ইসলাম এবং ইউনিয়নের সাবেক ছাত্রদল সম্পাদক মজিবরসহ কয়েকজন সেখানে উপস্থিত হয়ে সাংবাদিকদের ওপর চড়াও হন। এ সময় প্রশ্ন তোলায় আসাদুজ্জামান সাজুর কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে মারধর করা হয়। একই ঘটনায় ভিডিও ধারণের চেষ্টা করলে আব্দুর রহিমের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
প্রেসক্লাব লালমনিরহাটের আহ্বায়ক আনোয়ার হোসেন স্বপন এ ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। তিনি দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
জেলা সাংবাদিক নেতা এস. আর. শরিফুল ইসলাম রতন বলেন, অতিরিক্ত টোল আদায়ের তথ্য সংগ্রহ কোনো অপরাধ নয়। হামলার মাধ্যমে দোষীরা সমাজের সত্য তুলে ধরার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। দ্রুত দোষীদের গ্রেফতার না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
অভিযুক্ত নুর ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মোশাররফ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং অভিযোগ সত্য হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জে আই